ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পূজামণ্ডপে হামলার পর থেকে মিথ্যাচার-অপপ্রচারের ফানুস উড়িয়েই যাচ্ছে বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পূজামণ্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার ও অপপ্রচারের ফানুস উড়িয়েই যাচ্ছে। তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।


মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন তিনি। এ সময়, কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলা সরকারের নীলনকশা, সরকার হামলাকারীদের বিচারের উদ্যোগ নেয়নি, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এসব অভিযোগ বিএনপি নেতাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানায়। তিনি বলেন, যেকোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ। অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল।


ওবায়দুল কাদের বলেন, কোনো সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? আর তা করে সরকারের কী লাভ? দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে, এ ধরণের কল্পিত ও অন্তঃসারশূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা।


তিনি দাবি করেন, বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করলেও প্রকৃতপক্ষে পূজামণ্ডপে হামলার বিচার তারা চাননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভিডিও ফুটেজ অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও তারা বলছেন বিরোধীদের হেনস্তা করার জন্য মামলা করা হয়েছে।


ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি অথচ এখন প্রায় দুই সপ্তাহ পর বিএনপির দলীয় টিম বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন, ঘটনার রেশ কেটে যাওয়ার পর এই লোক দেখানো পরিদর্শন দলীয়ভাবে বিএনপির দায়িত্বহীনতাকেই স্পষ্ট করছে বলে মনে করেন ওবায়দুল কাদের।

ads
ads
ads

Our Facebook Page

↑